নিরাপত্তা শঙ্কায় ঢাকার সঙ্গে চার জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নিরাপত্তা শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল, নড়াইল ও বরগুনার দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় পরিবহন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে অধিকাংশ জেলা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকে এই রুটে গাড়ি বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প পথ হিসেবে যশোর-মাগুরা রোড ব্যবহার করা হচ্ছে। সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আজ রোববার সকালে কোনো পরিবহন ছেড়ে যায়নি এবং যাত্রীরাও ঝুঁকি নিয়ে যেতে চাইছেন না।

বরিশালের রূপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শনিবার রাত থেকেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানিয়েছেন, নাশকতার শঙ্কায় মালিকরা গাড়ি চালাতে অনাগ্রহী। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু দূরপাল্লার বাস ছেড়ে গেলেও তা গোপালগঞ্জের আগে টেকেরহাট পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে ফিরে আসছে।

বরগুনায় রোববার সকাল থেকেই ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে চাওয়া যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. রোকনুজ্জামান সালাম জানিয়েছেন, গাড়ি ভাঙচুর বা অগ্নিসংযোগের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে টার্মিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার ভোর ৫টা থেকে নড়াইল-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা সেতু হয়ে চলাচলকারী এই রুটের টিকিট বিক্রিও বন্ধ রয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মোড় ও হাতিবাগান মোড়ের বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় দূর-দূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

দুপুর ২ টায় বরগুনা সদরে নতুন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে না।