শেয়ারবাজার একসময় জুয়ার আসরে পরিণত হয়েছিল: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল। তবে বর্তমান সরকার নিয়ন্ত্রক সংস্থায় আমূল পরিবর্তন এনেছে এবং রাজনৈতিক প্রভাবের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরতে শুরু করেছেন। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্র বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাজারের গভীরতা বাড়াতে মানসম্পন্ন কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা অংশ নেন।

ব্যাংকিং খাতের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, অতীতে এই খাতে যে বিশাল দায় তৈরি হয়েছে, তা রাতারাতি বা খুব অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে এই সংকট উত্তরণের পরিকল্পনা নিয়েছে সরকার। তার মতে, আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারই এখন সরকারের প্রথম লক্ষ্য। মন্ত্রী দাবি করেন, ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা কমেছে এবং আমানত আবার ব্যাংকে ফিরছে। তিনি আমানতকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার তাদের অর্থ সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।

দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি এখন পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। এই স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আগামী কিছু সময়ের জন্য প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হতে পারে। তিনি বলেন, অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের কাছে লুকানোর কিছু নেই। ভুল পরিসংখ্যান দিয়ে বিভ্রান্তি ছড়ালে সরকারই ক্ষতিগ্রস্ত হবে। তাই সমস্যার প্রকৃত কারণ এবং তা থেকে উত্তরণের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানো সরকারের দায়িত্ব।

পাঁচ বছরের কৌশলপত্র প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকার অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চায়। উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বয় করে এই কৌশলগত কাঠামো তৈরি করা হয়েছে। এখন বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহায়তায় পরিকল্পনা মন্ত্রণালয় ও বিবিএস যৌথভাবে জিডিপি হিসাব নিয়ে গবেষণা করেছে। এতে হিসাব পদ্ধতিতে বেশ কিছু দুর্বলতা চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে তথ্যের বিকৃতি রোধে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।