বেলজিয়ামে গুগলের এআই ডেটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত

বেলজিয়ামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি ডেটা সেন্টারের নির্মাণকাজ স্থগিত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। দেশটির কর্তৃপক্ষের আপত্তির মুখে এবং সঠিক পরিকল্পনা অনুমোদন না থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুগল জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ফার্সিয়েনস শহরের ওই প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে।

ওয়ালোনিয়া সরকারের মুখপাত্র নিকোলাস ইয়ারনক্স সঠিক অনুমতি ছাড়া এই নির্মাণকাজকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গুগল তাদের প্রস্তাবিত এয়ার কুলিং পদ্ধতির পরিবর্তে পাশের সাম্ব্রে নদী থেকে পানি ব্যবহারের অনুমতি চেয়েছিল। আঞ্চলিক কর্মকর্তারা সেই আবেদন নাকচ করে দেওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বেলজিয়াম তীব্র উদ্বেগ প্রকাশ করে।

তবে গুগল দাবি করেছে, তারা ১৫ বছরের বেশি সময় ধরে বেলজিয়ামে কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় আইন মেনে চলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নতুন বছরের শুরুতেই এ বিষয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে গুগলের প্রায় ১৩ হাজার ৫০০টি ডেটা সেন্টার রয়েছে। এর মধ্যে বেলজিয়ামে ৫৪টি এবং যুক্তরাষ্ট্রে ৫ হাজার ২০০টির বেশি কেন্দ্র সক্রিয়। অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি খরচের কারণে বিশ্বব্যাপী এই ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে জনরোষ বাড়ছে।