গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষা হবে ফরিদপুর ও মাদারীপুরে

এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সম্পূরক পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। তবে গোপালগঞ্জ জেলায় পরীক্ষা গ্রহণের মতো অনুকূল পরিবেশ না থাকায় ঢাকা শিক্ষা বোর্ড বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, গোপালগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা পার্শ্ববর্তী জেলা ফরিদপুর ও মাদারীপুরের নিকটবর্তী দুটি উপজেলায় নেওয়া হবে।

নির্ধারিত কেন্দ্রগুলো হলো মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেহেতু সারা দেশে একযোগে এই সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে, তাই পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে তাদের নিকটবর্তী জেলা ও উপজেলায় পরীক্ষা নেওয়ার এই ব্যবস্থা করা হয়েছে।