সিরাজগঞ্জে নতুন আমন ধান বাজারে, উৎপাদন খরচ নিয়ে কৃষকের দুশ্চিন্তা

সিরাজগঞ্জে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা ছাড়িয়ে গেছে কৃষকদের আবাদ। চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ জেলার প্রতিটি উপজেলাতেই আমন ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং বিভিন্ন দেশীয় জাতের ধান রয়েছে।

নতুন ধান নাটুয়া পাড়া, শমেশপুর, পোড়াবাড়ি, বড়ধুল, গুল্টা, বিনসাড়া, নওগাঁ, গুড়পিপুল, নিমগাছী, সলঙ্গা, বামিহাল, রনবাঘা, চাচকৈড়, মির্জাপুর, হান্ডিয়াল, বোয়ালিয়া ও ধরইলসহ বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে। সাধারণ ধান প্রতি মণ ১২৫০ টাকা থেকে ১৩০০ টাকায় বিক্রি হলেও কাটারিভোগ ও স্বর্ণা জাতের ধান ১৮০০ থেকে ১৯০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনো সরকারিভাবে ধান ক্রয় অভিযান শুরু হয়নি, যা শুরু হলে কৃষকরা লাভবান হবেন বলে আশা করছেন।

ধানের বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে। মৌসুমের শুরু থেকেই শ্রমিক সংকট ও মজুরি বৃদ্ধি পাওয়ায় প্রতি কামলার জন্য সাড়ে ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকা ব্যয় করতে হচ্ছে। কামারখন্দ উপজেলার খামার বড়ধুর গ্রামের কৃষক মিজানুর রহমান মাস্টার জানান, ৮ বিঘা জমিতে ব্রি ২৮ ও ২৯ জাতের ধান চাষ করে বর্তমানে বাজার দর অনুযায়ী লোকসানের মুখে পড়েছেন। সলঙ্গা হাটে ধান বিক্রি করতে আসা সোহরাব আলী জানান, ১৩০০ টাকা মণ দরে তিনি ধান বিক্রি করেছেন, যা উৎপাদন খরচের তুলনায় আশানুরূপ নয়।

সলঙ্গা হাটের ব্যবসায়ীরা জানান, সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এখানে শত শত মণ ধান কেনাবেচা হয়। প্রায় ৪০টি আড়তে ধান কেনাবেচার পর তা নাটোর, পাবনা, শেরপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় পাঠানো হয়। পাবনার ব্যবসায়ী আবেদ আলী জানান, তিনি এই হাট থেকে ১২০০ থেকে ১৩০০ টাকা দরে প্রায় ২০০ মণ নতুন ধান কিনেছেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক একেএম মঞ্জুরে মওলা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বর্তমান বাজারে ধানের দাম মোটামুটি সন্তোষজনক।