যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পিএইচডি শিক্ষার্থী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। কামাক্ষী নামের ওই শিক্ষার্থীর অভিযোগ, যুক্তরাজ্যের একটি দোকানে কেনাকাটার সময় এক শ্বেতাঙ্গ নারী তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ আকস্মিক এ অপমানজনক মন্তব্যে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন কামাক্ষী।
তিনি জানান, দোকানে কেনাকাটার সময় ওই নারী বেশ কিছুক্ষণ ধরে তার আশপাশে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে কাছে এসে তিনি মন্তব্য করেন, ‘আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে করতেই হবে। তোমার গায়ে খুব, খুব বাজে গন্ধ।’ এমন মন্তব্যে হতবাক কামাক্ষী তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দিতে পারেননি। নিজের অনুভূতি বর্ণনা করে তিনি বলেন, ‘আমি জমে গিয়েছিলাম। আমার মস্তিষ্ক যতক্ষণে বুঝে উঠল কী ঘটেছে, ততক্ষণে ওই নারী চলে গেছেন।’
ঘটনাটি তাকে মানসিকভাবে গভীরভাবে আহত করেছে। কামাক্ষী জানান, সেই দিন তিনি যে পারফিউম ব্যবহার করেছিলেন, সেটি ছিল তার বাবার প্রিয় সুগন্ধি। বাবার সঙ্গে আবেগের স্মৃতি জড়িয়ে থাকা সেই সুগন্ধি নিয়েই এমন অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে তাকে। ঘটনার পর পুরো দিন তিনি নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করেছেন, যেন কারও নজরে না পড়েন।
তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা হিসেবে দেখতে নারাজ কামাক্ষী। তার মতে, অক্সফোর্ডে বর্ণের মানুষদের প্রতিদিনই বিভিন্ন ধরনের বর্ণবাদী আচরণ ও সূক্ষ্ম অবমাননার মুখোমুখি হতে হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বর্ণবাদের ইতিহাস নিয়েও প্রশ্ন তুলেছেন। কামাক্ষীর দাবি, এমন কোনো নামী প্রতিষ্ঠান নেই যার শিকড়ে বর্ণবাদ, সাম্রাজ্যবাদ কিংবা কোনো সমস্যাজনক ইতিহাস নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বর্ণবাদী ব্যক্তিদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন।
এত কিছুর পরও নিজের সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন এই শিক্ষার্থী। তিনি বলেন, ‘সে কারণেই আমি এখনো দেশি পোশাক পরি, ঝুমকা পরি, টিপ পরি এবং একই পারফিউম ব্যবহার করি।’ ভারতে বিক্ষোভের সময় এক বন্ধুর বলা কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন লড়ি, আর হেরে যাই। কিন্তু আমরা এই পৃথিবীকে একটু একটু করে নিজের করে নিই।’ কামাক্ষীর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবাদ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে।

