বাংলাদেশ ক্রিকেট দলের পেস আক্রমণে আবারও দুঃসংবাদ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের গতিতারকা নাহিদ রানা। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি রানার রক্তে প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিসিবির ওই কর্মকর্তা জানান, ডেঙ্গুর কারণে শরীর অনেক বেশি দুর্বল হয়ে পড়ায় তাকে পুরোপুরি সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় নিতে হতে পারে। এই অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।
নাহিদ রানার জন্য সময়টা বর্তমানে বেশ চ্যালেঞ্জিং যাচ্ছে। দীর্ঘদিনের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এর আগে কাঁধের ল্যাব্রাম ছিঁড়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও তিনি ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি দেশে ফেরার পর শারীরিক মূল্যায়নও করানো হয়েছিল তার।
উল্লেখ্য, গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়ার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করছেন এই পেসার। এই চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি। পরবর্তীতে পুনর্বাসন চলাকালে নতুন করে গ্লুটের চোটে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান তিনি।
এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে চোট পাওয়া আরেক পেসার হাসান মাহমুদকে নিয়ে নতুন পরিকল্পনা করছে বিসিবি। কনুইয়ের পুরোনো চোট ফিরে আসায় তাকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর প্রস্তুতি চলছে। হাসান যে কাউন্টি দল কেন্টের হয়ে খেলেন, তারাই তাকে ইংল্যান্ডে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।

