জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে বল হাতে দারুণ সাফল্য পেয়েছেন চট্টগ্রামের ডানহাতি পেসার সানজিত মজুমদার। রংপুর বিভাগীয় দলের বিরুদ্ধে ৪১ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে দিনের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন ঢাকার তাইবুর রহমান, যিনি খুলনার বিপক্ষে সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক হাসান মুরাদ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে প্রতিপক্ষের ব্যাটারদের ওপর তোপ দাগান পেসার সানজিত মজুমদার। তার বোলিং তোপে মাত্র ৪৯ রান তুলতেই টপঅর্ডারের ৩ ব্যাটারকে হারায় রংপুর। ওপেনার অনিক সরকার ২৮, মিম মোসাদ্দেক ৩ ও ইকবাল হোসেন ১৬ রান করে সাজঘরে ফেরেন। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে না পেরে শেষ পর্যন্ত ১৬৬ রানেই গুটিয়ে যায় রংপুরের ইনিংস। ৪১ রানের বিনিময়ে ৫টি উইকেট লাভ করেন সানজিত, যা তার ৩৩ ম্যাচের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে প্রথম ‘ফাইফার’। জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৫৯ রান তুলে প্রথম দিন শেষ করে চট্টগ্রাম। দলটির দুই ওপেনার সাদিকুর ২১ ও সাদ্দাম ৩১ রানে অপরাজিত আছেন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে খুলনার বিপক্ষে রানের পাহাড় গড়েছে ঢাকা বিভাগ। প্রথম দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৩৬৮ রান। দলটির হয়ে ওপেনার আশিকুর রহমান শিবলি ও তিনে নামা ফয়সাল সরকার রায়হান উভয়েই ফিফটি তুলে নেন। তবে ঢাকার এই বড় সংগ্রহের নেপথ্যে মূল ভূমিকা রাখেন তাইবুর রহমান। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়ে ১২৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার সাথে অপরাজিত ফিফটি পান আমিনুল ইসলাম বিপ্লব, যিনি ৫৬ রানে দিন শেষ করেছেন।
চট্টগ্রামে আয়োজিত অন্য ম্যাচে বরিশালের মুখোমুখি হয়ে ময়মনসিংহ প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে। ময়মনসিংহের পক্ষে ব্যাট হাতে ফিফটির দেখা পেয়েছেন ওপেনার খালিদ হাসান ও আল আমিন জুনিয়র। এছাড়া বগুড়ায় অনুষ্ঠিত দিনের শেষ ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৮ উইকেটে ৩২৯ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে সিলেট।

