রাজাপুরে ১২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

ঝালকাঠির রাজাপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমকে সামনে রেখে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল। তিনি কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অংশ হিসেবে মোট ১ হাজার ২০০ কৃষককে খেসারি, সয়াবিন, চীনাবাদাম, মুগ এবং হাইব্রিড সূর্যমুখীর বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হবে। এই প্রণোদনার মূল লক্ষ্য হলো কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কৃষক ও কৃষাণিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।