২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ শিশু ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ এবং ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ময়মনসিংহ ও খুলনার দুই শিশুর মৃত্যু হয়, অন্যদিকে ডেঙ্গুতে মারা গেছেন আরও দুজন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ৪১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত রোগী ৭৪ জন এবং সন্দেহজনক হাম রোগী ১ হাজার ৩৩৮ জন। একই সময়ে সারাদেশে নতুন করে ১ হাজার ১৫২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু রেকর্ড করা হয়। এই সময়কালে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৩৭৪ জনে, আর সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

চলতি বছরে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৯৭২ জন হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে ডেঙ্গু পরিস্থিতির আপডেট জানিয়ে বলা হয়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। এর আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে চারজনের মৃত্যু এবং ১ হাজার ১৪৫ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল।