মাত্র দুই সপ্তাহের সাময়িক স্বস্তি ফুরিয়ে যাওয়ায় রাজধানীর সবজির বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। পাইকারি আড়তগুলোতে সবজির দর চড়া থাকার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বিক্রেতা ও আড়তদারদের দাবি, মৌসুম পরিবর্তনের এই সময়ে ক্ষেতে ফলন কমে যাওয়া এবং পরিবহন সংকটের কারণে সরবরাহে টান পড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, সরবরাহ ঘাটতির অজুহাতে পাইকারি ও খুচরা পর্যায়ে দামের লাগাম টানা হচ্ছে না, যার খেসারত দিতে হচ্ছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষকে।
কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গাজরের দাম। আগে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া গাজর এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। অন্যান্য সবজির দামও বাড়তি। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। মাছ ও মাংসের বাড়তি দামের কারণে অনেক পরিবার আগে থেকেই খাদ্যতালিকায় এসব পণ্যের পরিমাণ কমিয়েছে। এখন সবজির দাম বেড়ে যাওয়ায় সীমিত আয়ের মানুষের জন্য দৈনন্দিন বাজার সামলানো আরও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্রেতা বলছেন, মাছ-মাংস কেনার সামর্থ্য না থাকায় সবজির ওপর নির্ভর করতে হয়। কিন্তু সেই সবজির দামও নাগালের বাইরে চলে যাচ্ছে। ফলে ডিম ও আলুর মতো তুলনামূলক কম দামের খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর ৬০ ফুট এলাকার বিভিন্ন বাজার ঘুরে সবজির এমন চিত্র দেখা গেছে। বাজারগুলোতে প্রতি কেজি আলু ৩০ টাকা, পটল ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১৫০ টাকা এবং শিম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। প্রতি কেজি ঢেঁড়শ ১০০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে ৩৫ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা ও চিচিঙ্গা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ফুলকপি ও বাঁধাকপির দামও চড়া। প্রতিটি ফুলকপি ৬০ থেকে ৭০ টাকা এবং বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৭০ থেকে ৮০ টাকা। চারটি কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শাকের বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ টাকা, কলমিশাক ২০ টাকা ও পুঁইশাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সবজির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না। বাজারে প্রতি ডজন লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকা এবং সাদা ডিম ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে কম খরচে পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন ক্রেতারা। মাছের বাজারেও চড়া দাম দেখা গেছে। প্রতি কেজি রুই মাছের দাম ৪০০ টাকা থেকে শুরু করে ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি ৮২০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারেও দাম কম নয়। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কক মুরগি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছ কিনতে আসা আকিব হোসেন বলেন, আজকে শোল মাছ কিনেছি ৬০০ টাকা কেজি। দাম আগের মতোই আছে। পাঙ্গাস আর কিনেছি ২৭০ টাকা। ছোট পাঙ্গাসের দাম কিছুটা কম আছে। মাছের পাশাপাশি মুরগির বাজারেও দামের পার্থক্য রয়েছে। বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা। অন্যদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে মাংস বিক্রেতা রবিউল মিয়া বলেন, মাংসের দাম আগের মতোই আছে। দাম বাড়েনি, আবার কমেনিও। ক্রেতাদের অভিযোগ, বাজারে কোনো পণ্যের দাম দু-এক দিন কম থাকলেও বেশিদিন সেই স্বস্তি থাকে না। কিছুদিন কম দামে কেনাকাটা করার সুযোগ তৈরি হলেও অল্প সময়ের মধ্যে আবার দাম বেড়ে যায়। বিশেষ করে সবজির বাজারে এই ওঠানামা তাদের মাসিক খরচের হিসাব এলোমেলো করে দিচ্ছে।

