নভেম্বরের ২৫ দিনে ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৪ টাকা বিনিময় হার বিবেচনায় এর পরিমাণ ৩১ হাজার ৮৩০ কোটি ৮০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসের ২৫ তারিখে এক দিনেই দেশে ৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৮৫৫ কোটি ৬০ লাখ টাকার সমান। গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ৫ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই আয় ছিল এক হাজার ২৫৯ কোটি ডলার। সামগ্রিক হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।