ইয়েমেনে হুতি বিদ্রোহীদের শক্তিবৃদ্ধি ও অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় সরকারি বাহিনী ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, 'ডন অব ইয়েমেন' অভিযানের অংশ হিসেবে এই ব্যাপক সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়।
এই অভিযানে অন্তত ১২১ জন হুতি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানানো হয়েছে। একইসঙ্গে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী। কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, চালানো এসব হামলার মধ্যে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
দেশটির তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন অঞ্চলে এই সংঘর্ষের খবর পাওয়া গেছে। মূলত হুতিদের হামলা প্রতিহত করা এবং তাদের রসদ সরবরাহ ব্যাহত করার লক্ষ্যে সরকারি বাহিনী এই অভিযান চালাচ্ছে। ইয়েমেনে বর্তমানে সংঘাতের মাত্রা তীব্রতর হয়েছে। একদিকে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে, অন্যদিকে হুতিরাও সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

