ইউরোপে বাড়ছে রুশ নাশকতা, বড় প্রাণহানির আশঙ্কায় আইআইএসএস

ইউরোপজুড়ে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা উদ্বেগজনক হারে বাড়ছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এবং তাদের হয়ে কাজ করা সহযোগীরা এখন ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও জটিল কৌশলে হামলা চালাচ্ছে। এই কর্মকাণ্ডের ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা বা ‘ম্যাস-ক্যাজুয়ালটি ইভেন্ট’ ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা দ্বিগুণ হয়েছে। ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করে দিতে রেলপথ, জ্বালানি নেটওয়ার্ক ও প্রতিরক্ষা শিল্পকে প্রধান লক্ষ্যবস্তু করা হচ্ছে। আইআইএসএসের মতে, জার্মানি ও পোল্যান্ড রাশিয়ার নাশকতার প্রধান লক্ষ্য হিসেবে থাকবে, কারণ ইউক্রেনে সামরিক সরঞ্জাম ও অন্যান্য সরবরাহ পাঠানোর ক্ষেত্রে এই দেশ দুটির পরিবহন ও শিল্প নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ১২ মাসে ইউরোপে নথিভুক্ত নাশকতার অর্ধেকেরও বেশি ঘটনা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে কেন্দ্র করে ঘটেছে। এর মধ্যে ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট ২৯টি নাশকতামূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। উদাহরণ হিসেবে গত বছরের নভেম্বরে পোল্যান্ডের একটি রেললাইনে বিস্ফোরক হামলার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া জার্মানির লাইপজিগে গত ৪ আগস্ট ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি আন্তোনভ কার্গো উড়োজাহাজের কাছে বিস্ফোরকবোঝাই ড্রোন পাওয়ার ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

আইআইএসএস জানিয়েছে, এখনো অধিকাংশ অভিযান তুলনামূলক কম দক্ষ ব্যক্তিদের মাধ্যমে চালানো হলেও, আধা-দক্ষ অপারেটর গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। তারা এখন নির্দিষ্ট সময় নির্ধারণ বা দূর থেকে বিস্ফোরণ ঘটানো যায় এমন ইম্প্রোভাইজড এক্সপ্রোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহারের মতো জটিল পদ্ধতি অবলম্বন করছে। ইউরোপের বিভিন্ন দেশ রুশ গোয়েন্দা কর্মকর্তাদের বহিষ্কার বা কনস্যুলেট বন্ধের মতো পদক্ষেপ নিলেও, ক্রেমলিনের নাশকতাকে নীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের আগ্রহ কমছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, কোনো নাশকতামূলক অভিযানে প্রাণহানি বা গুরুতর অবকাঠামোগত বিপর্যয় ঘটলে ইউরোপের দেশগুলোর মধ্যে পাল্টা পদক্ষেপ নেওয়ার দাবি উঠবে, যা মহাদেশটিতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াবে। এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় সাম্প্রতিক হামলার পরও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়ার জন্য কোনো সুস্পষ্ট ‘রেড লাইন’ নির্ধারণ করেনি। এমতাবস্থায়, বড় ধরনের বিপর্যয় ঘটার আগেই দেশগুলোর বিচ্ছিন্ন পদক্ষেপকে একটি সমন্বিত কৌশলে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে পশ্চিমা দেশগুলোর এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে মস্কো।