গত ১৭ অক্টোবর মানিকগঞ্জের আরিচা ঘাটের এক মাছের আড়তে নানা মাছের মধ্যে একটি অদ্ভুতদর্শন মাছ দেখে থমকে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম এ আজিজ। কাছে গিয়ে তিনি নিশ্চিত হন মাছটি সাকার মাছ। পদ্মা নদীতেও এ মাছের উপস্থিতির কথা শুনে জেলেরা জানান, এখন পদ্মায় জাল ফেললেই সাকার মাছ উঠে আসে। একসময় ভাবা হতো এটি ঢাকার আশপাশের নদ-নদীতে সীমাবদ্ধ, তবে পরে ডলফিনের অনুসন্ধানে গিয়ে মেঘনার মোহনায়ও এ মাছের সন্ধান পান এই শিক্ষক।
দেশের বিভিন্ন নদ-নদীতে সাকার মাছের এই আগ্রাসী বিস্তারের তথ্য উঠে এসেছে একটি যৌথ গবেষণায়। ২০২৩ সালে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষকদের সঙ্গে জার্মানির ইউনিভার্সিটি অব ফ্রেইবার্গ, তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথভাবে এ গবেষণা পরিচালনা করেন। তাদের প্রতিবেদনটি ‘ইনভেসিভ সাকারমাউথ ক্যাটফিশেস (সিলুরিফর্মিস: লোরিকারিডি) ইন বাংলাদেশ ওয়েটল্যান্ডস: প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শিরোনামে ‘বাংলাদেশ জার্নাল অব জুলজি’তে প্রকাশিত হয়।
গবেষণার তথ্যানুযায়ী, দেশের আটটি বিভাগের ২৪টি নদী, কাপ্তাই হ্রদ এবং হাকালুকি হাওরে সাকার মাছের উপস্থিতি প্রমাণিত হয়েছে। ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও ধলেশ্বরী ছাড়াও পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীতে সাকার মাছ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, হালদা ও কর্ণফুলী নদী এবং কাপ্তাই হ্রদে এর বিস্তার নিশ্চিত হওয়া গেছে। উত্তর-পূর্বের সিলেট অঞ্চলের বিলাস ও সুরমা নদী এবং হাকালুকি হাওরেও মাছটি পাওয়া গেছে। এ ছাড়া উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ধরলা, তিস্তা, চিত্রা, বলেশ্বর, ভৈরব ও বিষখালী নদীতেও জেলেদের জালে সাকার মাছ ধরা পড়ছে।
অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বাড়াতে ও শৈবাল পরিষ্কারের কাজের জন্য মূলত বিশ শতকের মাঝামাঝি সময়ে সাকার মাছের আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়। ব্রাজিলের আমাজন নদীসহ মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রাকৃতিক জলাশয়ে এদের আদি নিবাস। বাংলাদেশে ১৯৮০-এর দশকে বগুড়ার কাহালু উপজেলায় প্রথম সাকার মাছ শনাক্ত হয়। পরবর্তী সময়ে ২০০৮ সালে ঢাকার গুলশান লেকে এ মাছ ধরা পড়ার পর আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয় বলে জানান বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক খলিলুর রহমান। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মীর মোহাম্মদ আলী জানান, অ্যাকুয়ারিয়ামে রাখার পর মাছগুলো বড় হয়ে গেলে অনেকে নদী, লেক বা পুকুরে ছেড়ে দেন, যা থেকে এ বিস্তার ঘটে।
প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের ইনভেসিভ স্পেশিজ স্পেশালিস্ট গ্রুপের তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে অসাবধানতাবশত প্রাকৃতিক জলাশয়ে সাকার মাছ ছড়িয়ে পড়ে। ফিলিপাইনে ২০০৭ সালে টাইফুন রোসিংয়ের পর বাণিজ্যিক খামার থেকে এ মাছ ছড়িয়ে পড়ার নজির রয়েছে। সাকার মাছ মূলত দুটি উপায়ে বিস্তার লাভ করে—অ্যাকুয়ারিয়াম থেকে প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা কিংবা বাণিজ্য খামার থেকে পালিয়ে যাওয়া।
সাকার মাছের দ্রুত বংশবৃদ্ধি ও খাবার কেড়ে নেওয়ার স্বভাব জলজ খাদ্যচক্রে মারাত্মক প্রভাব ফেলছে। এ মাছ নদীর তলদেশের শৈবাল, জৈব পদার্থ ও ক্ষুদ্র প্রাণ খেয়ে বাঁচে এবং অন্যান্য মাছের খাবার জলজ উদ্ভিদ উপড়ে ফেলে। ফলে নদীর তলার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক দেশি প্রজাতি বাধ্য হয়ে স্থান পরিবর্তন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিয়ামুল নাসের জানান, সাকার মাছ মূলত নদীর অগভীর অংশে বিচরণ করায় অগভীর পানিতে বাস করা দেশি মাছের জন্য এটি বড় হুমকি। তবে ইলিশ গভীর পানিতে বিচরণ করায় সাকার মাছ থেকে ইলিশের ঝুঁকি কিছুটা কম হতে পারে, যদিও ইলিশের অভয়াশ্রমে এদের উপস্থিতি উদ্বেগের বিষয়।
বাংলাদেশে বর্তমানে ইলিশের ছয়টি অভয়াশ্রম রয়েছে। এগুলো হলো পটুয়াখালীর আন্ধারমানিক নদের ৪০ কিলোমিটার দীর্ঘ কলাপাড়া-আন্ধারমানিক এলাকা, ভোলার তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার দীর্ঘ চর রুস্তম-তেঁতুলিয়া এলাকা, মেঘনা নদীর ৯০ কিলোমিটার দীর্ঘ ইলিশা ঘাট থেকে চরপিয়াল এলাকা, চাঁদপুর থেকে লক্ষ্মীপুর পর্যন্ত বিস্তৃত ১০০ কিলোমিটার দীর্ঘ এলাকা, বরিশালের হিজলা থেকে মেহেন্দিগঞ্জ পর্যন্ত ১৯০ কিলোমিটারের দীর্ঘতম এলাকা এবং বরিশাল সদরের কালাবদর থেকে গজারিয়া পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা। এসব অভয়াশ্রমে সাকার মাছ ছড়িয়ে পড়লে খাদ্যসংকট ও জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য মারাত্মক নষ্ট হতে পারে।
পরিস্থিতি সামাল দিতে ২০২২ সালের সেপ্টেম্বরে সাকার মাছের আমদানি, বিক্রি ও চাষ নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। কিন্তু এর পরও নদীর পানিতে এ মাছের বিস্তার থামানো যায়নি। নিয়ন্ত্রণ নিশ্চিতে ২০২৩ সালের গবেষণায় বলা হয়েছে, সনাতন পদ্ধতির পাশাপাশি ইমেজ প্রসেসিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), মেশিন লার্নিং ও রোবোটিকসের মতো আধুনিক প্রযুক্তির সহায়তায় জলশয়ে এ মাছ শনাক্ত ও বিস্তার পর্যবেক্ষণ করা প্রয়োজন।
মাছটি দমনে মাঠপর্যায়ে ঢাকা জেলা মৎস্য কার্যালয়ের পক্ষ থেকে মাইকিং ও ধরলে মাটিতে পুতে ফেলার পরামর্শ দিয়ে লিফলেট বিতরণ করা হয়েছিল বলে জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খালেদ কনক। তিনি বলেন, সারা দেশে সাকার মাছের বিস্তার নিয়ন্ত্রণে একটি বড় ধরনের সমন্বিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে, যা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দ্রুত শুরু হবে। বাস্তুতন্ত্র রক্ষা ও দেশি মাছ বাঁচাতে গবেষকেরাও এখন বিলম্ব না করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন।
আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী জুলজিক্যাল স্টাডিজে ২০১৮ সালে প্রকাশিত ‘গ্লোবাল ইনভেশন অব সাকারমাউথ ক্যাটফিশ’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

