২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এএফএমসি), পাঁচটি আর্মি মেডিক্যাল কলেজ এবং চট্টগ্রামের নেভি মেডিক্যাল কলেজ। এই অভিন্ন ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের ক্যাডেট হিসেবে নির্বাচিত করা হবে। এএফএমসির ২৯তম, পাঁচটি আর্মি মেডিক্যাল কলেজের ১৩তম এবং নেভি মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। আগামী ২৯ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় ৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২০২৩ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের জন্য অযোগ্য। উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকা বাধ্যতামূলক এবং এইচএসসিতে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয় থাকতে হবে। সাধারণ প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ থাকতে হবে। তবে এইচএসসিতে জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর নিচে থাকলে আবেদন করা যাবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে, কিন্তু কোনো পরীক্ষায় জিপিএ ৩-এর কম হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। ২০২৬ সালের ১ জুলাই প্রার্থীর বয়স সর্বোচ্চ ২০ বছর হতে হবে।
ভর্তি পরীক্ষার মোট নম্বর ২০০, যার মধ্যে এসএসসির জিপিএ থেকে ৪০, এইচএসসির জিপিএ থেকে ৬০ এবং ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষার সময় ১ ঘণ্টা ১৫ মিনিট। জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বর থাকবে। ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০। ২০২৫ সালে উত্তীর্ণদের মোট নম্বর থেকে ৩ নম্বর এবং সরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ বা মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।
আবেদন ফি ১ হাজার টাকা, যা জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে। ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত শারীরিক যোগ্যতা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। এছাড়া বর্ণান্ধতা, গুরুতর শারীরিক বিকৃতি বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা ভর্তির অযোগ্য বলে গণ্য হবেন। সব মেডিক্যাল কলেজে ডোপ টেস্ট বাধ্যতামূলক। বেসরকারি পাঁচটি আর্মি মেডিক্যাল কলেজ ও নেভি মেডিক্যাল কলেজে মেধাবী-অসচ্ছল কোটায় ৫ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে, তবে এসব কলেজের শিক্ষার্থীদের এএফএমসিতে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না।
এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ বা মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

