সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে পার্কিং করা অবস্থায় লাব্বাইক পরিবহনের বাসটিতে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের ধারণা, নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাসটির ভেতরের প্রায় সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পার্কিং করা একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে—এমন খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

