শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সময় কাটান তিনি। শিশুদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের খোঁজ-খবর নেওয়ার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, মসজিদ প্রাঙ্গণে শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জানতে চান তারা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না। এ সময় তিনি শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।
খেলার সামগ্রী বিতরণের পাশাপাশি প্রধানমন্ত্রী শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি পরামর্শ দেন যেন সবাই মিলে খেলাধুলা করে এবং নিজেদের খেলার সামগ্রী অন্যদের সঙ্গে ভাগ করে ব্যবহার করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল শিশু-কিশোরদের মনে আনন্দ ভাগ করে নেওয়া এবং একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব তৈরির বার্তা পৌঁছে দেওয়া।

