ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে সোনার দোকানে বড় চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংকস প্লাজা শপিং মলে অবস্থিত পূরবী জুয়েলার্সে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এই ঘটনাটি ঘটে। জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদের ভাষ্যমতে, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে ফেলা হয়। এরপরই দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে গয়না চুরি করে নিয়ে যায়।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানিয়েছেন, চুরির ঘটনায় আনুমানিক প্রায় দুই হাজার ভরি সোনা এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা খোয়া গেছে। ঘটনার পর থেকে দোকানের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ শপিং মলের আরও দুজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনার বিষয়ে সঞ্জীব শীল জানান, ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। এর বাইরে আরও দুজন অচেনা ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। ফুটেজে নিখোঁজ হওয়া নিরাপত্তাকর্মীদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রাখে এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ধানমন্ডি থানার কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাকর্মীদের অজ্ঞান করে তাদেরই কয়েকজন এই চুরিতে অংশ নিয়েছে বলে তারা সন্দেহ করছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে এবং দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।