১৬ ডিসেম্বর উদ্বোধন: জাপানের সঙ্গে থার্ড টার্মিনাল চুক্তি চূড়ান্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার পর আগামী সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর করা হবে। এর আগে ২৯ নভেম্বর বেবিচক সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে চুক্তির বিস্তারিত তথ্য জানানো হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।

বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা এই প্রকল্পের কাজ ২০১৯ সালের ৩০ ডিসেম্বর শুরু হয়েছিল। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়। তবে পরিচালনার বিষয়ে জাপানের সঙ্গে আলোচনা ঝুলে থাকায় এতদিন টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি। সরকারের রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। নির্মাণ ব্যয় প্রাথমিকভাবে ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, সংশোধিত পরিকল্পনা ও অতিরিক্ত কাজের কারণে তা বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।

দুই লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা ৮০ লাখ থেকে দুই কোটিতে উন্নীত হবে। নতুন টার্মিনালে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া অত্যাধুনিক ব্যাগেজ ব্যবস্থাপনার জন্য সিঙ্গাপুর ও ব্যাংককের বিমানবন্দরের আদলে ১৬টি নিয়মিত ও অতিরিক্ত ওজনের জন্য চারটি পৃথক বেল্টসহ তিনটি স্টোরেজ এরিয়া রাখা হয়েছে।

যাত্রীদের সুবিধার জন্য টার্মিনালটিতে ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক ও ১০০টি চেক-ইন কাউন্টার থাকবে। এছাড়া দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি দূর করতে থাকবে স্ট্রেইট এক্সকেলেটর। টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে মা ও শিশুদের জন্য বেবি কেয়ার লাউঞ্জ, ডায়াপার পরিবর্তনের জায়গা, বুকের দুধ খাওয়ানোর বুথ ও চিলড্রেন প্লে এরিয়া তৈরি করা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য ফার্স্ট এইড রুম, স্বাস্থ্য পরীক্ষার কক্ষ এবং আইসোলেশন এরিয়াও স্থাপন করা হয়েছে। যাত্রীদের অবসর কাটানোর জন্য মুভি লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ স্থাপনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজের ক্ষেত্রে স্বয়ংক্রিয় চেক-ইন সুবিধা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।