মাতারবাড়ী-মহেশখালী প্রকল্পে ২০ বিলিয়ন ডলারের আর্থিক ও পরিবেশগত ঝুঁকি

মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (মিডি) আওতায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজার মেগাওয়াট নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৯ বিলিয়ন ডলার। এর পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণের জন্য আরও এক বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে।

জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য ও ঝুঁকির বিষয়টি উঠে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ধরা’র আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। এছাড়া ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির (জ্যাকসেস) প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যা. থিং অং, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল এবং ধরা’র কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন বক্তব্য দেন।

প্রতিবেদনে জ্বালানি নিরাপত্তার ওপর বড় ধরনের চাপের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৪০ সাল নাগাদ এই বিদ্যুৎকেন্দ্রগুলোর জ্বালানি চাহিদা মেটাতে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয়ে এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কম থাকলে এই ব্যয় প্রায় ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং মধ্যম মূল্যের পরিস্থিতিতে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিনির্ভরতা বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি বা ভূরাজনৈতিক অস্থিরতা বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও তীব্র করতে পারে বলে সতর্ক করা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে এলএনজির উচ্চমূল্য এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ওপর প্রভাব নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রস্তাবিত গ্যাসভিত্তিক ও কয়লাভিত্তিক প্রকল্পগুলো থেকে পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।

এসব প্রকল্পের পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারি সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো গেলে জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমানো সম্ভব হবে।