বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশ, চীন ও ভারতসহ মোট ১৪টি দেশ ও অঞ্চলের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) এই প্রস্তাব উত্থাপন করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসেবেই এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে, যা যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে।

প্রস্তাবিত নতুন শুল্কের তালিকায় থাকা চীনের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এ ছাড়া অন্য ১২টি দেশ ও অঞ্চলের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ হারে শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রশাসনের।

বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। ফলে বর্তমানে মোট শুল্কের হার ২৫ শতাংশ। নতুন করে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে তা বিদ্যমান হারের সঙ্গে যুক্ত হবে।

গত মার্চ মাসে হোয়াইট হাউজ বিভিন্ন দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করেছিল, যার প্রেক্ষিতেই এই নতুন শুল্ক আরোপের ঘোষণা এল। তবে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগের আগেই তাদের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপের পরিকল্পনা দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে আটকে দিয়েছিল। বর্তমানের নতুন শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণের বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান অন্তর্ভুক্ত রয়েছে।