পল্লবীতে পার্কিং করা মধুমতি পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর পল্লবী এলাকায় পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭ এলাকায় বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে এই ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এর ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে নষ্ট হয়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধুমতি পরিবহনের বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দেয়। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে এবং ভেতরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।