রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত ইজিবাইক চালক মুন্না (২৯) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গত ২২ নভেম্বর (রোববার) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকার একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জুয়েল (৩৯), হারুন মিয়া (৪৪) এবং সোহেল রানা (৩৮)।
এসআরবি-১০ সূত্রে জানা যায়, নিহত মুন্না যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ী এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন এবং ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন। গত ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ভাড়ার উদ্দেশ্যে ইজিবাইক নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে ১৯ নভেম্বর যাত্রাবাড়ী থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি করার দিনই দুপুর দেড়টার দিকে মৃধাবাড়ী থেকে ডাকাতবাড়ী যাওয়ার গলির মাঝামাঝি ওয়াসার পানির খালে একটি লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে পরনের পোশাক দেখে মরদেহটি মুন্নার বলে শনাক্ত করেন। মরদেহের গলা, মুখ ও মাথায় মারাত্মক কাটা জখমের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হচ্ছিল। এ ঘটনায় ২০ নভেম্বর মুন্নার বোন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তার চাহিদাপত্রের ভিত্তিতে এসআরবি-১০ তাদের গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসআরবি-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল ২২ নভেম্বর রাতে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে হাসানাবাদ এলাকা থেকে প্রথমে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৫০ মিনিটে হারুন মিয়া এবং রাত সাড়ে ১১টার দিকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও পরিচয়পত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

