টাঙ্গাইলের ভূঞাপুরে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রকিব, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাফরুল হাসান রিপন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু তারেক।
আলোচনা সভায় বক্তারা দেশের প্রাণিসম্পদ খাতের সামগ্রিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান এবং এই খাতকে কীভাবে রপ্তানিমুখী করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

