সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারার নামে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত টোল আদায়, শ্রমিকদের হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন ঘাটে এ কর্মসূচি পালন করেন ভুক্তভোগী নৌযান শ্রমিক, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।
জামালগঞ্জ উত্তর স্টিলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি ও স্থানীয় শ্রমজীবী মানুষের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে পাথর ও বালু ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনের সঞ্চালনা করেন স্থানীয় ব্যবসায়ী নবী নূর। এতে বক্তব্য দেন লালপুর স্টোন ক্রাশার মিল সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য লোকমান হোসেন এবং শ্রমিক সরদার বসির উদ্দিনসহ সংশ্লিষ্ট নেতারা।
বক্তারা অভিযোগ করে জানান, সরকারি নীতিমালা অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য নির্দিষ্ট টোল হার থাকলেও, গজাইরা ও লালপুর এলাকার বিভিন্ন ঘাটে ইজারার দোহাই দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, তেমনি শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানি ও মারধরের শিকার হচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, প্রায় দুই মাস আগে অতিরিক্ত টোল আদায় নিয়ে ইজারাদার পক্ষের সঙ্গে বিরোধ দেখা দিলে বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছিলেন। সে সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি নির্ধারিত হারে টোল আদায় এবং ৭২ ঘণ্টার মধ্যে ঘাটে টোলের তালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে কিছুদিন অতিরিক্ত টোল আদায় বন্ধ থাকলেও পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধন থেকে অবিলম্বে অতিরিক্ত টোল আদায় বন্ধ, ঘাটে দৃশ্যমান স্থানে সরকারি টোলের তালিকা টানানো এবং শ্রমিকদের ওপর হওয়া নির্যাতন ও হয়রানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। এছাড়া বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসনের প্রতি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বক্তারা।

