কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই যৌথ অভিযান চালানো হয়। যশপুর বিওপির বিশেষ টহল দল এবং এসআরবি-১১-এর (সিপিসি-২) একটি টহল দল যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুড়াপাড়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করা হয়।
১০ বিজিবির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌথ অভিযানের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

