বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

বিএনপির নাম ব্যবহার করে যারা চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দলের ভেতরে থাকা গুটিকয়েক চাঁদাবাজ ও মাদক কারবারির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দলটিকে নস্যাৎ হতে দেওয়া যাবে না। তিনি আরও অভিযোগ করেন যে, এদের মধ্যে কেউ কেউ গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে এবং তাদের আশ্রয় দিচ্ছে। গত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল, তাই বিএনপিতে এ ধরনের লোকদের কোনো স্থান নেই বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো প্রকার দ্বিধা ছাড়াই কাজ করতে হবে। তিনি আইন মেনে স্বাধীনভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইনমন্ত্রী শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।