ভারতীয় মন্ত্রীর হুমকির প্রতিবাদে যাত্রাবাড়ীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করার হুমকি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও সহিংসতার বিরুদ্ধে সরব হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার ঢাকার যাত্রাবাড়ী চৌরাস্তায় সংগঠনটির যাত্রাবাড়ী জোনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মহান বিজয় দিবসকে কেন্দ্র করে প্রতিবেশী দেশের এক মন্ত্রীর এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের স্পষ্ট পরিপন্থী। এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সরাসরি এক চরম হুমকি। তিনি অবিলম্বেই ওই ভারতীয় মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভারতীয় হাইকমিশনারকে তলব করে এই উসকানিমূলক মন্তব্যের আনুষ্ঠানিক ও কড়া প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।

হেফাজতে ইসলামের যাত্রাবাড়ী জোন সভাপতি মুফতি আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি শরীফ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা মুরশিদ আলম, মাওলানা আজহারুল ইসলাম আজমী, মুফতি মুহাম্মাদুল্লাহ, মাওলানা আনোয়ার হামিদী, মুফতি শফিক সাদী, মুফতি ইমামউদ্দীন, মুফতি নাঈমুল ইসলাম সাজ্জাদ, মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা মাহফুজ মুসলেহ, মাওলানা কবীর আহমদ, মো. আল আমিন এবং মাওলানা আনিসুর রহমান জাফরী।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড ও অগ্নিসংযোগের কড়া সমালোচনা করেন। তারা যেকোনো বিদেশি আগ্রাসন ও দেশবিরোধী ষড়যন্ত্র কঠোরহস্তে প্রতিহত করার হুঁশিয়ারি দেন। সমাবেশ শেষে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাজলায় গিয়ে শেষ হয়।