প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে জবি ছাত্রদলের ৬২ প্রকারের ফল উৎসব

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (২২ নভেম্বর) ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে ৬২ প্রজাতির ফল প্রদর্শনী ও পরিবেশনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানেই নতুন করে ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জবি ছাত্রদলের সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের ধারাবাহিক আন্দোলন ও শিক্ষার্থীকেন্দ্রিক বিভিন্ন আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ সময় তিনি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও ফ্যাসিবাদবিরোধী অবস্থানে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন ছাত্রদলের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করাই ছিল এ উদ্যোগের প্রধান লক্ষ্য।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সার্বিক উদ্যোগে এ ফল উৎসব আয়োজিত হয়। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভিন্নধর্মী ও শিক্ষার্থীকেন্দ্রিক আয়োজনের চিন্তা থেকেই ৬২ রকম ফলের প্রদর্শনী ও ক্রীড়াসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দল-মত নির্বিশেষে সব শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আয়োজনগুলোকে আরও অর্থবহ করে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, প্রথম যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার এবং যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, রাশেদ, অনিক, নাহিয়ান বিন অনিক ও পরাগসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।