ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আকিবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আকিবুল একই ইউনিয়নের নামাপাড়া এলাকার আ. লতিফের ছেলে।
পুলিশ জানায়, ১৭ নভেম্বর সন্ধ্যায় নানার বাড়ি থেকে জাকিয়া নিখোঁজ হয়। পরদিন সকালে দাওগাঁও নামাপাড়ার খালপাড় এলাকায় একটি ফিসারির পাশে ধানক্ষেতের আইলে দুটি কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালে তার গলায় ওড়না পেঁচানো ছিল। এ ঘটনায় জাকিয়ার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে আকিবুলের সম্পৃক্ততা পায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিবুল জাকিয়াকে ঘটনাস্থলে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, ঘটনার পর থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আকিবুল হত্যার দায় স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

