রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি ‘ঢাকা ট্রিবিউন’-এর ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও রিলস হিসেবে প্রকাশ করা হয়। ডিএমপি জানিয়েছে, ভিডিওটিতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই এবং ৩০০ ফিট সড়কে এ ধরনের কোনো ঘটনা আদৌ ঘটেনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের ভিডিও বা সংবাদ প্রচার করা হলে তা জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেটির সত্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অসমর্থিত এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৪: ২৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৪: ৪৪

