শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার আকাঙ্ক্ষা এবং বর্তমান বাস্তবতার মধ্যে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর প্রতিমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তাদের জানানো হয়েছে।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে রয়টার্সের খবরে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার দেশে আসার ইচ্ছার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামির বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতা ছাড়া দেশে ফেরার সুযোগ নেই।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শেখ হাসিনাকে যদি বাংলাদেশে আসতেই হয়, তবে তাকে হাতকড়া পরেই বন্দী হিসেবে আসতে হবে। তিনি আরও যোগ করেন, মনের জ্বালায় অনেকেই টাকা খরচ করে এমন খবর ছড়াতে পারেন।