এআই নিয়ন্ত্রণে এক বছরের মধ্যে বৈশ্বিক ঐকমত্যের আহ্বান গুতেরেসের

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে একটি সুনির্দিষ্ট বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বার্বাডোসে আয়োজিত এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি জাতিসংঘের সদস্যদেশগুলোকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন।

গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি নিয়ন্ত্রণে এমন একটি শক্তিশালী বহুপক্ষীয় কাঠামো তৈরি করা প্রয়োজন, যেখানে বিশ্বের সব দেশের অংশগ্রহণ নিশ্চিত থাকবে এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে। সেই সঙ্গে এই কাঠামোর কার্যক্রম তদারকির জন্য সম্পূর্ণ স্বাধীন ও বিশ্বাসযোগ্য একটি ব্যবস্থা থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

চলতি বছরের ডিসেম্বরে জাতিসংঘ মহাসচিব হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা। দায়িত্বের শেষ পর্যায়ে এসে উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষভাবে সোচ্চার হয়ে উঠেছেন। গুতেরেস সতর্ক করে বলেন, যথাযথ নিয়ন্ত্রণব্যবস্থা না থাকলে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে, যা বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।