ফ্যাসিবাদ আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন আমাদের সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে। তিনি এ সময় প্রশ্ন রেখে বলেন, দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান সেই অনুপাতে কতটা বাড়ানো সম্ভব হয়েছে, তা নিয়ে ভাবার সময় এসেছে।
তারেক রহমান আরও বলেন, শিক্ষার্থীরা যদি প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের সময়োপযোগী করে গড়ে তুলতে না পারে, তবে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

