চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক অক্ষ ভারতের জন্য বড় চ্যালেঞ্জ: জেনারেল সুব্রামানি

চীন, পাকিস্তান ও তুরস্কের মধ্যবর্তী ক্রমবর্ধমান সামরিক সমীকরণ ভারতের জাতীয় নিরাপত্তার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে সতর্ক করেছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক নজরদারির ক্ষেত্রে পাকিস্তান যদি চীনের সাহায্য পায়, তবে তাদের সামরিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক সেমিনারে ভারতের এই সামরিক শীর্ষ কর্মকর্তা বিস্তারিত বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, বেইজিংয়ের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ প্রতিরক্ষা ক্ষমতা দ্রুত বিস্তার লাভ করছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা 'সুপারকো' নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে কাজ চালিয়ে যাচ্ছে, যেখানে তুরস্ক থেকেও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

জেনারেল সুব্রামানি আশঙ্কা প্রকাশ করেন, চীনের কাছে থাকা সংবেদনশীল গোয়েন্দা তথ্য সংগ্রহ প্রযুক্তি, উন্নত নজরদারি ব্যবস্থা, অবস্থান নির্ণয় (পজিশনিং), নৌচলাচল ব্যবস্থা এবং সঠিক সময় নির্ধারণ পদ্ধতির মতো প্রযুক্তিগুলোতে পাকিস্তানের সরাসরি প্রবেশাধিকার তৈরি হতে পারে। এসব আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও পরিস্থিতি পর্যবেক্ষণে পাকিস্তানি বাহিনী বাড়তি সুবিধা পাবে, যা ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য বড় চিন্তার কারণ।

এমন উদ্ভূত নিরাপত্তাঝুঁকি সামাল দিতে ভারতের নিজস্ব নজরদারি ব্যবস্থা এবং মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা ত্বরান্বিত করার তাগিদ দিয়েছেন জেনারেল সুব্রামানি। এ ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা অবকাঠামো জোরালো করতে ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স ফেজ-৩’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন তিনি। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি এই মেগা প্রকল্পের অনুমোদন দিয়েছিল। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে পরিকল্পিত এই প্রকল্পের অধীনে আগামী তিন বছরের মধ্যে ৫২টি সামরিক উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আলোচনায় চীনের সামরিক মহাকাশ সক্ষমতা নিয়ে পৃথক উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তিনি জানান, চীন এমন প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে যার মাধ্যমে প্রতিপক্ষের উপগ্রহ চলাচলেও বিঘ্ন সৃষ্টি করা বা সেগুলোকে অকার্যকর করা সম্ভব। চীনের হাতে উপগ্রহবিধ্বংসী অস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে, যা যোগাযোগ ব্যবস্থা ও নেভিগেশন নেটওয়ার্ক অচল করে দিতে পারে। আধুনিক যুদ্ধের ময়দান স্থল, জল ও আকাশের সীমানা ছাড়িয়ে মহাকাশে বিস্তৃত হওয়ায় পরিবর্তিত এই পরিস্থিতিতে ভারতকে নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ধারাবাহিক বিনিয়োগ বজায় রাখার পরামর্শ দেন তিনি।