রাজৈরে অবরোধকারীদের ‘আপনারা সাকসেস’ বলে বিতর্কে ওসি

মাদারীপুরের রাজৈরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের একটি বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আয়োজিত ওই অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের উদ্দেশে ওসি আমিনুল ইসলাম বলেন, 'আপনারা সাকসেস, আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।' এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

ভিডিওতে দেখা যায়, রাজৈর থানার ওসি টেকেরহাট বন্দরের সড়কে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে কথা বলছেন। তার পাশে থাকা ব্যক্তিদের মধ্যে একাধিক মামলার আসামি উজির আহমেদ সাগরসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে। ওসির বক্তব্যে শোনা যায়, 'ধন্যবাদ আপনাদের সবাইকে। গতকাল রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।'

ওসি আরও দাবি করেন, 'আপনারা কেউ বলতে পারবেন না যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করেছি বা হয়রানি করেছি। যদি বলতে পারেন, তাহলে সেটা মিথ্যা হবে।' স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বর্তমান এমপি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত হয়েছেন এবং তিনি গত এক বছরে কাউকে ধরার বা হয়রানি করার নির্দেশ দেননি।

বক্তব্যের এক পর্যায়ে ওসি অবরোধ প্রত্যাহার করে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, 'যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।'

ওসির এ ধরনের বক্তব্যের পর পুলিশের নিরপেক্ষতা নিয়ে স্থানীয় পর্যায়ে সমালোচনা শুরু হয়েছে। মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান এ বিষয়ে বলেন, ওসির দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, কিন্তু তিনি উল্টো মামলার আসামিদের পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন, যা মোটেও প্রত্যাশিত নয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওতে ওসির পাশে থাকা উজির আহমেদ সাগরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে এ বিষয়ে মাদারীপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এখানে মাত্র ১০ শতাংশ বা ১৫ শতাংশ লোক ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের।