দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রোববার (২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম) পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে চেকপোস্ট পরিচালনা ও টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
সভায় পুলিশপ্রধান উল্লেখ করেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানামুখী বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে প্রভাবিত না হয়ে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি সামলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলেন আইজিপি। পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে কমিউনিটি পুলিশিং জোরদার এবং থানায় করা মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্তের মান উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ। তিনি অর্পিত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বডিওর্ন ক্যামেরা ব্যবহারের কঠোর নির্দেশ দেন। এছাড়া মামলা তদন্তে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে অপমৃত্যু মামলার নিখুঁত তদন্ত নিশ্চিত করা, মুলতবি থাকা গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাযথভাবে নথিভুক্ত করা এবং তা কার্যকরের হার বাড়ানোর তাগিদ দেন তিনি।
এদিনের সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতির বিস্তারিত তথ্য পর্যালোচনা করা হয়। এতে খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ এবং পুলিশ আক্রান্ত হওয়ার বিভিন্ন মামলার সার্বিক চিত্র তুলে ধরা হয়। একই সঙ্গে মুলতবি পরোয়ানা তামিল, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অগ্রগতিসহ আদালতে সাজার হার নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

