ককটেল বিস্ফোরণ মামলায় মনিরুলের স্ত্রী শায়লাসহ তিনজনের ১০ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা (৫৬) এবং তাঁর দুই ভাইকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই আবেদন পেশ করেন।

রিমান্ড চাওয়া অপর দুজন আসামি হলেন শায়লা ফারজানার ভাই মো. রেজাউল আলম (শাহিন) (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)। ডিবির পক্ষ থেকে আদালতে জমা দেওয়া আবেদনের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, তদন্ত কর্মকর্তা প্রথমে আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছিলেন। পরবর্তীতে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আরজি পেশ করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান পিয়াসের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার এজাহার ও ডিবির আবেদন সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে শায়লা ফারজানা ও তাঁর ভাই রেজাউল আলম শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুক্ষণ পর রাত ২টা ৪০ মিনিটের দিকে অপর ভাই বুলবুল মিয়াকে তাঁর বর্তমান ঠিকানার বাসভবন থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ডিবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা গত ১৭ নভেম্বর রাতে বিমানবন্দর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর জন্য আসামিদের সংগঠিত করা এবং অর্থ জোগানের ষড়যন্ত্রে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

ডিবির প্রতিবেদনে বলা হয়, ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে কয়েকটি মোটরসাইকেলে করে ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি উপস্থিত হন। তাঁরা পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটে পড়েন। এলাকায় অস্থিরতা সৃষ্টি, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং সরকারবিরোধী নাশকতামূলক কার্যক্রম চালানোই ছিল তাঁদের প্রধান উদ্দেশ্য।

ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় চার পথচারী গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হলেন—মো. ইউসুফালী (৬২), মো. শাখাওয়াত হোসেন (২৬), মো. নাছিহ উদ্দীন (৩০) ও মো. আনিছুর রহমান (২৫)। তাঁদের শরীরের বিভিন্ন অংশে জখম হলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যেরা তাঁদের উদ্ধার করে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পাঠান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরা, বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ এবং লোহার স্প্লিন্টার আলামত হিসেবে জব্দ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে এসবি প্রধানের দায়িত্ব পালন করেছেন। ডিবির আবেদনে অভিযোগ করা হয়, শায়লা ফারজানা ও তাঁর দুই ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে রাষ্ট্রবিরোধী নানা বক্তব্য প্রচার করেছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য লোক জড়ো করা ও অর্থের জোগান দেওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিমানবন্দর থানায় দায়ের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (২০১৩ সালের সংশোধনীসহ) এর ৮, ৯(১), ৯(২), ১০, ১১, ১২ ও ১৩ নম্বর ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৩-ক, ৪, ৫ ও ৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার পক্ষে যুক্তি দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এছাড়া আবেদনে আসামি রেজাউল আলম শাহিনের অপরাধের অতীত রেকর্ড তুলে ধরে ডিবি জানায়, তাঁর বিরুদ্ধে মিরপুর মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর দায়ের করা মিরপুর মডেল থানার মামলায় দণ্ডবিধির ৩০২, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ১৪৯, ১২০(খ), ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ২০২৪ সালের ৬ নভেম্বর দায়ের হওয়া আশুলিয়া থানার অপর হত্যা মামলাটিতেও তিনি এজাহারনামীয় আসামি।