কিশোরগঞ্জে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী, আটক ১

কিশোরগঞ্জ জেলা শহরের মোরগমহল এলাকায় পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ বঁটি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রোববার (২৯ নভেম্বর) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে পুলিশ আটক করেছে।

আহত ব্যক্তির নাম মিলন মিয়া (৬০)। তিনি ওই এলাকার মেহর আলী ওরফে হাসু ফকিরের ছেলে। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মিলন মিয়া পরকীয়ায় জড়িত বলে তার স্ত্রী তাসলিমা (৪০) দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে তাদের পারিবারিক ও দাম্পত্য জীবনে প্রতিনিয়ত কলহ লেগেই থাকত। ঘটনার আগের দিন শনিবার (২৮ নভেম্বর) রাতেও এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়। পরবর্তীতে রোববার ভোরে মিলন মিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো বঁটি নিয়ে তার ওপর হামলা চালান স্ত্রী তাসলিমা এবং গোপনাঙ্গ কেটে দেন।

ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত স্ত্রী তাসলিমাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আঘাতপ্রাপ্ত মিলন মিয়া চিকিৎসাধীন রয়েছেন এবং এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।