জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই সপ্তাহের কার্যক্রম শুরু করেন। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এই বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জনকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হবে।