অর্জুন সিংকে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাহিদ ইসলাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি জানান, এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য অর্জুন সিংকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দিতে হবে এবং বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, অর্জুন সিংয়ের এই মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ এবং দেশের আঠারো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতি এমন মন্তব্য চরম ধৃষ্টতার শামিল বলে তিনি মন্তব্য করেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, দায়িত্বশীল পদে থেকে এমন অবমাননাকর বক্তব্য দেওয়ার ৪৮ ঘণ্টা পার হলেও ভারত সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দিল্লির এই নীরবতা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি ভারত সরকারের শ্রদ্ধাবোধ নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে। একইসঙ্গে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো দৃশ্যমান কূটনৈতিক উদ্যোগ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের এই নির্লিপ্ততাকে লজ্জাজনক বলে অভিহিত করেন।

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে ভারত যে সুবিধা ভোগ করেছে, সেই দিন আর ফিরে আসবে না। বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ। তিনি আরও যোগ করেন, ভারতের মনে রাখা উচিত যে তাদের নিজস্ব সার্বভৌমত্ব ও অখণ্ডতা অনেকাংশেই বাংলাদেশের ওপর নির্ভরশীল। বাংলাদেশের সার্বভৌমত্বকে খাটো করার যেকোনো অপচেষ্টা ভারতের অখণ্ডতাকেই বিপন্ন করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব দাবি জানান নাহিদ ইসলাম।