রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিবির ওয়ারী বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকে ডরিন আলোচনার কেন্দ্রে আসেন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনা এবং পরবর্তীতে তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডরিন বিভিন্ন সময় গণমাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।
ডিবি সূত্র অনুযায়ী, ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তবে বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করছিলেন। এদিকে, ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

