২০৩৫ সালেই খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা

পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত ধর্মভিত্তিক জনসংখ্যার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবে। সেই সময় অনুসারীর সংখ্যার দিক থেকে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত এ ৫০ বছরের মধ্যে মুসলিমদের সংখ্যা ৮০ শতাংশ বাড়তে পারে। এ সময়ে তাঁদের সংখ্যা ২০২ কোটি থেকে বেড়ে ৩৬৪ কোটিতে দাঁড়াতে পারে।

একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে ২৯৬ কোটিতে পৌঁছাতে পারে। ২০২০ সালে তাঁদের সংখ্যা ছিল ২২৭ কোটি। খ্রিষ্টানদের এই সংখ্যাগত বৃদ্ধি মোটামুটি বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে, হিন্দু ও ইহুদিদের সংখ্যা বাড়লেও তা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে ধীরগতিতে হবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের অনুসারী নন—এমন মানুষের সংখ্যা কমতে পারে।

গবেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে জনসংখ্যাতাত্ত্বিক কারণ। পিউ রিসার্চের গবেষণায় পাঁচটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে—জনগোষ্ঠীর বয়স কাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন। যদিও ধর্ম বদলের প্রভাব রয়েছে, তবে অধিকাংশ পরিবর্তন আসে জন্ম ও মৃত্যুর হিসাব থেকে। গবেষণার তথ্যমতে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের গড় হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মাবলম্বী ও ধর্মীয় পরিচয়হীন নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। কোনো জনগোষ্ঠীর মানুষের সংখ্যা আগের অবস্থায় ধরে রাখতে নারীদের গড়ে ২ দশমিক ১টি সন্তান প্রয়োজন। জন্ম ও মৃত্যুর হিসাব অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা ১৬০ কোটি ও খ্রিষ্টানদের ৭৯ কোটি ২০ লাখ বাড়তে পারে।

ভবিষ্যতের ভৌগোলিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, ২০৭০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম বসবাসের শীর্ষ ১০ দেশের চারটিই থাকবে আফ্রিকায়। দেশগুলো হলো নাইজেরিয়া, মিসর, ইথিওপিয়া ও সুদান। এ তালিকায় নতুন করে জায়গা করে নেবে ইথিওপিয়া ও আফগানিস্তান, আর বাদ পড়বে ইরান ও আলজেরিয়া। বর্তমানে বিশ্বের ৫৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মোট মুসলিম জনসংখ্যার বৃদ্ধির ৭৪ শতাংশই ঘটবে এবং ২০৭০ সালের মধ্যে এসব দেশে মুসলিম সংখ্যা ১২০ কোটি বাড়তে পারে।

২০২০ সালে ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ হিসেবে শীর্ষে থাকলেও ২০৭০ সালের আগেই পাকিস্তান শীর্ষস্থান দখল করতে পারে। পাকিস্তানে মুসলিমদের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে, যেখানে ইন্দোনেশিয়ায় বাড়বে ১৫ শতাংশ। ভারত বর্তমানে তৃতীয় অবস্থানে থাকলেও ২০৭০ সালের মধ্যে দেশটি দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে এবং সেখানে মুসলিম সংখ্যা বেড়ে ৩৩ কোটি ৪০ লাখে পৌঁছাবে। নাইজেরিয়া পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে আসবে এবং সুদানে মুসলিম সংখ্যা দ্বিগুণের বেশি বেড়ে ১১ কোটি ৬০ লাখে পৌঁছাবে, যা তুরস্ককেও ছাড়িয়ে যাবে। পিউ রিসার্চ সেন্টারের এই পূর্বাভাসে ২০১টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। তবে গবেষকরা উল্লেখ করেছেন যে, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক পরিস্থিতির বড় কোনো পরিবর্তন এই পূর্বাভাসকে প্রভাবিত করতে পারে।