সাধারণত উপকূলের অগভীর সমুদ্র, ম্যানগ্রোভ বনসংলগ্ন জলাভূমি বা নদীর মোহনায় বিচরণ করা সামুদ্রিক বিষধর সাপ এখন ঢুকে পড়ছে নদীর অনেক গভীরে। সম্প্রতি কর্ণফুলী নদীর মোহনা থেকে ৮৮ কিলোমিটার উজানে ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ নামের দুটি অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী প্রজাতির সাপের অস্তিত্ব খুঁজে পেয়েছেন একদল গবেষক। মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়ে সীতা পাহাড় ও রাম পাহাড় ভেদ করে কাপ্তাই জাতীয় উদ্যানের পাশ ঘেঁষে রাঙ্গুনিয়া পাড়ি দিয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরে মিশেছে। গবেষকেরা কাপ্তাই জাতীয় উদ্যান ও রাঙ্গুনিয়ার দুধপুকুরিয়া–ধোপাছড়ি বনে এই জরিপ চালিয়েছেন।
বন অধিদপ্তরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানার নেতৃত্বে গবেষক দলে আরও ছিলেন চীনের নানজিন ফরেস্ট্রি ইউনিভার্সিটির সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার মাহি ওয়াসিম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ দত্ত। গত ১৮ নভেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশনে’ প্রকাশিত এই গবেষণায় নতুন চারটি প্রজাতির সাপ তালিকাভুক্ত করা হয়েছে। সর্পবিদ সোহেল রানা জানান, স্থানীয় জেলেদের সঙ্গে পাঁচটি দলভিত্তিক আলোচনার সময় তারা নিয়মিত জালে এসব সাপ ধরা পড়ার কথা জানিয়েছিলেন। পরে গবেষকদের নির্দেশনায় জেলেরা সাপগুলো সংরক্ষণ করলে সেগুলো সংগ্রহ করে প্রজাতি শনাক্ত করা হয়।
বন বিভাগের লাল তালিকা অনুযায়ী, ‘বিকড সি স্নেক’ বা ‘বরশিনাক’ সাপ প্রায় ৪ ফুট ৭ ইঞ্চি (১৪০ সেন্টিমিটার) পর্যন্ত লম্বা হতে পারে। এতে নিউরোটক্সিন ও মায়োটক্সিন বিষ থাকে, যা মানুষের পেশির কোষের জন্য মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে, ন্যাশনাল পার্ক স্পেশিজ অব থাইল্যান্ডের তথ্যমতে, রাসেলস সি স্নেক মূলত ভারত, বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায় এবং শ্বাস নেওয়ার জন্য এদের বারবার পানির ওপরে উঠতে হয়।
সামুদ্রিক সাপ কেন নদীর এত উজানে চলে আসছে, তার ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হালদা গবেষক মনজুরুল কিবরিয়া। তিনি জানান, শুষ্ক মৌসুমে অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত কাপ্তাই বাঁধের টারবাইন বন্ধ থাকায় উজানের পানির প্রবাহ কমে যায়। ফলে জোয়ারের সঙ্গে লবণাক্ত পানি নদীর অনেক গভীরে প্রবেশ করে, আর সেই স্রোতের সঙ্গে সামুদ্রিক সাপগুলোও চলে আসে। অতীতে হালদা নদীতেও এ ধরনের বেলচার স্নেকের উপস্থিতি পাওয়ার কথা জানান তিনি।
গবেষকদের মতে, নদীপথে বিষধর সাপের এমন অনুপ্রবেশের ঘটনা নিয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে। সায়েন্স অব মেডিসিনের ২০২৩ সালের একটি গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় সাত লাখ সাপের কামড়ের ঘটনায় ৬ হাজার মানুষ মারা যায় এবং দেশে বিষধর সাপের ৬৫টি প্রজাতি রয়েছে।

