নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) মুখপাত্র মানজো ইজেকি এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন বা কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ শুক্রবার জানান, দুর্ঘটনাস্থল থেকে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটিকে এই দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নৌকাটিতে সমস্যা দেখা দিলে যাত্রীরা চালককে তীরের দিকে যেতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি সেই অনুরোধ উপেক্ষা করেন। ঘটনার পর নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ নৌকার ব্যবস্থাপককে আটক করেছে।
এদিকে, এই দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান পরিচালনা ও যাত্রীদের নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার ইবিউওউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত বন্ধ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, কোনো যাত্রাই একটি প্রাণের চেয়ে মূল্যবান নয়।

