শিক্ষা ও সংস্কৃতির শান্ত নগরী হিসেবে পরিচিত ময়মনসিংহে বাড়তে থাকা অপরাধের কারণে নগরবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সন্ধ্যার পরও একসময় পাড়া-মহল্লার অলিগলিতে স্বস্তিতে চলাফেরা করা গেলেও এখন ব্যস্ত সড়ক থেকে শুরু করে আবাসিক এলাকার নিরিবিলি গলি—সবখানেই নিরাপত্তার ঘাটতি দেখা দিয়েছে। বাসাবাড়ির তালা ভেঙে চুরি, জানালা ও ভেন্টিলেটরের থাই গ্লাস খুলে নেওয়া, দোকানপাট ও মোটরসাইকেল চুরির ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এমনকি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জানালার থাই গ্লাস এবং আকুয়া সম্পদ ভবন থেকে সাইকেল ও লোহার সামগ্রী চুরির ঘটনাও ঘটেছে। এছাড়া যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক কিংবা যাত্রীদের জিম্মি করার পাশাপাশি হত্যাকাণ্ড, ধর্ষণ ও মাদকের অপরাধ বৃদ্ধি পেয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ময়মনসিংহ জেলায় মোট ৯৬টি হত্যাকাণ্ড, ২২৫টি ধর্ষণ এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করা হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, জেলায় প্রতি মাসে গড়ে ৯টি হত্যাকাণ্ড ও ২২টি ধর্ষণের ঘটনা ঘটছে। একই সময়কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ হাজার ২৯৬টি মামলা হয়েছে। বিপুল সংখ্যক গ্রেফতার ও মাদক উদ্ধারের পরও অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো ও মাদকের অবাধ সরবরাহ বন্ধ করা সম্ভব না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নতি নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন জেগেছে।
নগরীর আকুয়া, গাংগিনারপাড়, পাটগুদাম, ব্রিজ মোড়, চরপাড়া, কাঁচিঝুলি, কৃষ্টপুর, মিন্টো কলেজ রেলক্রসিং, সানকিপাড়া, সেহড়া, বলাশপুর ও কেওয়াটখালীসহ বিভিন্ন এলাকার অধিবাসীরা জানিয়েছেন, চুরি-ছিনতাইয়ের আতঙ্ক এখন তাদের দৈনন্দিন জীবনে উদ্বেগ সৃষ্টি করেছে। রাতের বেলা নির্জন পথ, রেললাইনের পাশ ও গলিপথে যাতায়াতে মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাইরে যাওয়ার সময় বাসাবাড়িতে চুরি এড়াতে প্রতিবেশীদের সতর্ক করে যাওয়া কিংবা ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর দিতে হচ্ছে।
সুনির্দিষ্ট কিছু পয়েন্টে মাদকের নিয়মিত আসর বসার অভিযোগ করেছেন বাসিন্দারা। জিলা স্কুলের পুরাতন ভবন, পরিত্যক্ত ভবন, নদীর তীরবর্তী এলাকা, রেললাইনের পাশ ও বিভিন্ন গলিতে গাঁজা, ইয়াবা ও হেরোইন কেনাবেচা চলে। সহজে পাওয়া যাওয়ার কারণে তরুণ ও কিশোরদের একাংশ মাদকে আসক্ত হয়ে পড়ছে এবং নেশার টাকা জোগাড় করতে তারা চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
অপরাধের স্বীকার হয়েছেন পেশাজীবী ও সাধারণ পথচারীরাও। ময়মনসিংহ নগরের বদরের মোড়ে দুপুর ১২টার দিকে অটোরিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন রিফাত আহমেদ। একটি অটোরিকশা এলে তিনি অন্য তিনজনের সঙ্গে ওঠেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরই অটোরিকশার এক যাত্রী ছুরি বের করে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন, ঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং চামড়াগুদাম এলাকায় তাকে নামিয়ে দেয়। ভুক্তভোগী রিফাত জানান, আইনি পদক্ষেপ নিয়ে কোনো লাভ হবে না ভেবে তিনি পুলিশের কাছে যাননি। একইভাবে নগরের ব্রিজ মোড়ে সমকালের ঈশ্বরগঞ্জ প্রতিনিধি রানা আহমেদ ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান। সম্প্রতি দেশ টিভির ভিডিও জার্নালিস্ট রাসেল, দিনকাল পত্রিকার সাংবাদিক সাত্তার এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের এক চিকিৎসকও ছিনতাইয়ের শিকার হয়েছেন।
জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯৬টি হত্যাকাণ্ডের মামলায় ১১১১ জন, ২২৫টি ধর্ষণের ঘটনায় ১৭৯ জন এবং ২৩৬টি চুরি-ছিনতাইয়ের মামলায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জেলার ১৪টি থানায় দায়ের হওয়া ১ হাজার ২৯৬টি মাদক মামলায় মোট ৩ হাজার ৬০ জন গ্রেফতার হয়েছেন। কেবল অক্টোবর মাসেই বিভিন্ন অপরাধে ১ হাজার ২৭০ জনকে গ্রেফতার করে পুলিশ। একই মাসে মাদকবিরোধী অভিযানে প্রায় ৪৯ হাজার পিস ইয়াবা, ৬২০ গ্রাম হেরোইন, ২৭০ কেজি গাঁজা, ১ হাজার ৯১৭ লিটার দেশি মদ, ১ হাজার ১৫৩ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৯০ লিটার ওয়াশ, ১ হাজার ৫২৯ অ্যাম্পল ইনজেকশন এবং ৪ হাজার ১০৮ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
অপরাধের শিকার হলেও আইনি জটিলতা, সময়ক্ষেপণ ও নানা হয়রানির ভয়ে ভুক্তভোগীদের অনেকেই আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ করতে চান না। অনেকে কেবল সাধারণ ডায়েরি (জিডি) করেন বা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিজ্ঞতা জানান। চিহ্নিত অপরাধীরা জামিনে গিয়ে আবারও অপরাধে লিপ্ত হওয়া এবং নিয়মিত পুলিশি টহলের অভাবে মালামাল উদ্ধার নিয়ে নাগরিকদের মধ্যে আস্থার অভাব দেখা যাচ্ছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ মন্তব্য করেন, ময়মনসিংহের ঐতিহ্যবাহী শান্ত পরিবেশ বজায় রাখতে অনতিবিলম্বে মাদকের প্রধান আস্তানাগুলো উচ্ছেদ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কঠোর নজরদারি ও নিয়মিত পুলিশি টহল জোরদার না করলে নাগিরক দুর্ভোগ আরও বাড়বে।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদক ও অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। তবে কেবল আইনি প্রক্রিয়ায় মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়; এর জন্য সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ প্রয়োজন। তিনি আরও বলেন, মাদকের উৎস ও সরবরাহ চক্র শনাক্তের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল, সিসিটিভি নজরদারি এবং চুরি-ছিনতাইয়ের দ্রুত তদন্ত নিশ্চিত করতে কাজ চলছে।

