ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা ও অস্ত্র বাণিজ্য চান রাহুল গান্ধী

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও গণহত্যার ঘটনায় বিশ্বজুড়ে চরম ক্ষোভ এবং সমালোচনা চললেও দেশটির সঙ্গে ভারতের কৌশলগত ও সামরিক সহযোগিতা জোরদার রাখার পক্ষে অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও ভারতের উচিত ইসরায়েল থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখা এবং দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখা।

ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সমর্থন জানিয়ে এক আলোচনায় রাহুল গান্ধী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে নয়াদিল্লির সুসম্পর্ক রয়েছে এবং ভারতের সামরিক বাহিনী তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে। তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার নীতিকে তিনি পুরোপুরি সমর্থন করেন। ভারতের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র কোন দেশ থেকে কেনা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা নয়াদিল্লির থাকা উচিত বলে তিনি মত প্রকাশ করেন। অন্য কোনো দেশের রাজনৈতিক অগ্রাধিকার কিংবা পররাষ্ট্রনীতির চাপে পড়ে ভারতের সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।

ভারতের প্রায় ১৫০ কোটি জনসংখ্যার প্রসঙ্গ টেনে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, নিজস্ব জাতীয় স্বার্থ এবং দেশের জন্য কোনটি ভালো—তার ভিত্তিতেই ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত; অন্য কারোর পছন্দ-অপছন্দের ভিত্তিতে নয়। গাজায় সাধারণ মানুষের মৃত্যুর সমালোচনা করলেও তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং বলেন যে, বেসামরিক নাগরিক হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।

রাহুল গান্ধীর এই ধরনের বক্তব্য আসার দিনেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের সঙ্গে একটি বড় সামরিক চুক্তির কথা নিশ্চিত করেছে। গত ১৮ নভেম্বর স্বাক্ষরিত ২১ কোটি ১০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৫৮০ কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এই চুক্তির অধীনে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহৃত ‘বারাক পয়েন্ট ডিফেন্স’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সঙ্গে হওয়া চুক্তিটিতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থার হার্ডওয়্যার ও সফটওয়্যার হালনাগাদ করার পাশাপাশি পুরোনো যন্ত্রাংশ পুনর্স্থাপনের বিষয়গুলোও যুক্ত রয়েছে।

পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও ইসরায়েলি প্রযুক্তির ব্যবহার নিয়ে চর্চা চলছে। চলতি মাসের শুরুতে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের এক তথ্যে জানা যায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরায়েলি নজরদারি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘সেলিব্রাইট’-এর কাছ থেকে মোবাইল ফোনের লক খোলার প্রযুক্তি ক্রয়ের অনুমোদন দিয়েছেন। বিভিন্ন মানবাধিকারকর্মী অভিযোগ তুলেছেন যে, ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকারগুলোও ইসরায়েলি ফোন থেকে তথ্য সংগ্রহের আধুনিক প্রযুক্তি কিনেছে।

এদিকে রাহুল গান্ধীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের একাধিক মানবাধিকারকর্মী ও শিক্ষাবিদ। মিডলইস্ট আইকে নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় অধিকারকর্মী জানান, রাহুল গান্ধীর বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা রয়েছে। এক দিকে তিনি বলছেন যে নিজস্ব স্বার্থের ওপর ভিত্তি করে পররাষ্ট্রনীতি তৈরি হওয়া উচিত, আবার অন্যদিকে গত তিন বছর ধরে গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্পষ্ট হওয়া সত্ত্বেও তিনি দেশটির সঙ্গে সম্পর্ক রাখার পরামর্শ দিচ্ছেন। ওই অধিকারকর্মীর মতে, কৌশলগত এই ঘনিষ্ঠতা রক্ষা করা ভারতের চেয়ে ইসরায়েলের জন্যই বেশি প্রয়োজনীয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক অপূর্বানন্দ বিশ্লেষণ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জমানায় ভারত ইসরায়েলের অন্যতম প্রধান কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে। সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং সার্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের বন্ধন ব্যাপক বিস্তার লাভ করেছে। ২০২৬ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেছিলেন, যা ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর কিছুদিন আগে ঘটে। আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ার প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময় ভারতের ভূমিকার প্রশংসা করে বলেছেন, বৈশ্বিক বিরোধিতা বাড়লেও ভারতে ইসরায়েলের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে, যা দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের জুলাই মাসে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে ভারত-ইসরায়েল অস্ত্র বাণিজ্যের বিশদ চিত্র পাওয়া যায়। রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারত থেকে অন্তত ২ হাজার ৫৯৬টি চালানে ইসরায়েলে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামরিক যন্ত্রাংশ পাঠানো হয়েছে। এসব চালানের মধ্যে ছিল মেশিনগানের অংশ, কামানের গোলা, বিস্ফোরক ওয়ারহেড এবং সাঁজোয়া যান তৈরির উপকরণ। অ্যামনেস্টি সতর্ক করে জানায়, গাজায় আন্তর্জাতিক অপরাধ ও চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও সামরিক সরঞ্জাম সরবরাহ করায় আন্তর্জাতিক আইনের আওতায় ভারতের ওপরও দায়বদ্ধতা আসতে পারে।

গাজায় ইসরায়েলি সামরিক হামলার বিরুদ্ধে কংগ্রেসের কিছু নেতা মোদি সরকারের অবস্থানকে সমালোচনা করলেও দলটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের ওপর কোনো অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলে নি। এমনকি দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় ভারতের পক্ষভুক্ত হওয়ার বিষয়েও কোনো উদ্যোগ নেওয়ার দাবি জানায়নি কংগ্রেস।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৯৯২ সালের জানুয়ারিতে তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের শাসনামলে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তবে এর প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৮০-এর দশকে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালে। ১৯৮৫ সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী শিমন পেরেসের সঙ্গে বৈঠক করেছিলেন রাজীব গান্ধী। এরও আগে রাহুলের দাদি ইন্দিরা গান্ধীর আমলে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’-এর মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও গোয়েন্দা সহযোগিতার সূত্রপাত ঘটেছিল।