রাজধানীর মিরপুরে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই সম্মিলনের মূল লক্ষ্য হলো শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা।
দেশের ৬৪টি জেলা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা এই আয়োজনে অংশ নিচ্ছেন। সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
উপাচার্য ড. আমানুল্লাহ জানিয়েছেন, সম্মিলনটি সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং অধ্যক্ষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা ও উচ্চশিক্ষার গুণগত পরিবর্তন আরও ত্বরান্বিত হবে। আয়োজকদের প্রত্যাশা, দেশের ৬৪ জেলা থেকে আসা অধ্যক্ষ ও অতিথিদের অংশগ্রহণে এই আয়োজনটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে এবং এটি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

