জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর তৃতীয় তলায় অবস্থিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেরোবির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালার শিরোনাম ছিল ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’। এটি মূলত ‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক একটি সাব-প্রজেক্টের অংশ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব ও নিরাপদ পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সচেতনতা এবং তথ্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই। উপাচার্য আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণ মডিউল ও জরিপ উপকরণগুলো নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাবের লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাবের লিড ড. ইশরাত জাহান খান বর্ষা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন, যেখানে ১০টি মডিউলসমৃদ্ধ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’ যাচাই-বাছাই করা হয়।

